এটা কার জন্য উপযোগী?

প্রতিবন্ধী ব্যক্তি বিশেষত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, অপ্রতিবন্ধী ব্যক্তি।

প্রকাশের তারিখ
নভেম্বর 2026
তৈরি করা হয়েছে
সেন্স ইন্টারন্যাশনাল , WFDB
প্রাপ্তি স্বীকার
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।

২০২৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবসকে একটি সচেতনতামূলক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড (WFDB) এবং ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের জাতিসংঘের স্থায়ী মিশনের যৌথ প্রচারণার ফলেই এই স্বীকৃতি অর্জিত হয়।

কিন্তু এই স্বীকৃতি কেন এত গুরুত্বপূর্ণ ছিল? বিশ্বজুড়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এর তাৎপর্যই বা কী?  স্বীকৃতি আদায়ের এই ঐতিহাসিক বৈশ্বিক প্রচারণার নেতৃত্বদানকারী এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড (WFDB) এর সভাপতি ড. সানজা তারচাই (Dr. Sanja Tarczay) তুলে ধরেছেন, কেন এই অর্জন বিশ্বব্যাপী শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা আন্দোলনের জন্য এত তাৎপর্যপূর্ণ।

বর্ণনামূলক প্রতিলিপি

বর্ণনা: ছোট লাল চুল ও মোটা কালো ফ্রেমের চশমা পরা একজন ক্রোয়েশীয় নারী লিখিত প্রশ্নের উত্তর ইশারা ভাষায় দিচ্ছেন। তাঁর উত্তরগুলো পর্দার বাইরে থাকা একজন দোভাষী অনুবাদ করছেন।


জিজ্ঞাসা: আন্তর্জাতিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবসের স্বীকৃতির উদ্যোগ কীভাবে শুরু হয়েছিল? এই প্রচারণার শুরু কোথায়? আপনাদের প্রধান সহযোগী কারা ছিলেন? উল্লেখযোগ্য অর্জনগুলো কী ছিল?

সানজা তারচাই: প্রশ্নটির জন্য ধন্যবাদ। প্রথমেই বলতে চাই, আন্তর্জাতিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবসের স্বপ্ন নতুন কিছু নয়। ২০০১ সালে নিউজিল্যান্ডে WFDB (ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড)  প্রতিষ্ঠার সময় থেকেই এই স্বপ্নের সূচনা। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।

সেদিন দেখেছিলাম, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেরাই কত দক্ষতার সঙ্গে সভা ও সম্মেলন পরিচালনা করছেন। আমাদের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবস প্রতিষ্ঠা করা। তখন অলিখিতভাবে ২৭ জুন দিনটি নির্ধারিত ছিল। কারণ এই দিনটি হেলেন কেলারের জন্মদিন।

বিশ্বের বিভিন্ন দেশের শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো এই দিনটিতে অথবা ওই সপ্তাহে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সচেতনতা সপ্তাহ পালন করতো। তবে আমরা চেয়েছিলাম, দিবসটি আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাক। কারণ এই স্বীকৃতির অভাব ছিল।

আমি যখন WFDB-এর সভাপতি হলাম, তখন ২০০১ সালের সেই স্বপ্ন আমার হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলি। কীভাবে এই স্বপ্ন বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ শুরু করি। জাতিসংঘের আনুষ্ঠানিক ক্যালেন্ডারে নিজেদের দিবসের স্বীকৃতি পাওয়া কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করি।

তাদের কাছ থেকে জানতে পারি, এটি অত্যন্ত দীর্ঘ একটি প্রক্রিয়া। কেউ কেউ এ স্বীকৃতি পেতে ১০ বছর বা তারও বেশি সময় লড়াই করেছে। তবুও আমি নিরুৎসাহিত হইনি। কীভাবে এই উদ্যোগ শুরু করা যায়, তা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে থাকি।

হেলেন কেলারের গল্প থেকে আমি অনুপ্রেরণা নিয়েছিলাম। তিনি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, অনেক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। আমিও তাঁর পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিই।

এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অংশীজন এবং জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী মিশনের সঙ্গে
দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা করি। কয়েকটি বেসরকারি সংস্থাকেও আমাদের পাশে পেয়েছিলাম। তাদের মধ্যে সেন্স ইন্টারন্যাশনালও ছিল।

তারা আমাদের উদ্যোগের তথ্য ও বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে। আমরা বুঝতে পেরেছিলাম,
সমন্বিত ও যৌথ উদ্যোগই এই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে
একটি মূল সমর্থকগোষ্ঠী তৈরি করা ছিল এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

ক্রোয়েশিয়া, জর্ডান এবং অ্যান্টিগুয়া ও বারবুডার সরকার এই উদ্যোগে নেতৃত্ব দিতে সম্মত হয়। জাতিসংঘে এই দেশগুলো রাজনৈতিক পর্যায়ে উদ্যোগটির পক্ষে সমর্থন ও প্রচারণা শুরু করে।২০২৪ সালের জুনে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর থেকে গত বছরের জুন পর্যন্ত, আমরা অনেকগুলো বৈঠক করেছি। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও জাতিসংঘের স্থায়ী মিশনের প্রতিনিধিদের সঙ্গে আমরা একাধিকবার মতবিনিময় করেছি।

এই উদ্যোগের পক্ষে তাদের সমর্থনও পেয়েছি। যেসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সেসব দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা এই প্রক্রিয়া এগিয়ে নিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন। কারণ, রাজনৈতিক পর্যায়ের সম্পৃক্ততাই ছিল এই উদ্যোগের মূল চাবিকাঠি।

গত বছর, এই প্রচারণা ও রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরুর এক বছরও পূর্ণ হয়নি। এর মধ্যেই, মাত্র এক বছরেরও কম সময়ে, ২০২৫ সালের ১৬ জুন জাতিসংঘের সাধারণ পরিষদে ১০০টিরও বেশি দেশ ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবটি গ্রহণ করে।

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের অর্জন। এভাবেই ২৭ জুনকে আন্তর্জাতিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

জিজ্ঞাসা: এই আন্তর্জাতিক স্বীকৃতি কেন এত গুরুত্বপূর্ণ ছিল?

সানজা তারচাই: আমরা জানি, প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সংগঠন বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফ ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠন বিশ্বজুড়ে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে।

তারা এই অধিকার আদায়ে ৫০ থেকে ৭০ বছরেরও বেশি সময়  ধরে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রায় ৫০ বছর পর। কারণ, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে যেতে একটু বেশি সময় লাগে। আমাদের আরও সময়ের প্রয়োজন হয়।

আমরা বুঝতে পেরেছিলাম, অনেক দেশেই শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাকে স্বতন্ত্র প্রতিবন্ধিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। জাতীয় নীতিমালা ও আইনি কাঠামোতেও এর যথাযথ স্বীকৃতি ছিল না। এটি অনেক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য বড় ধরনের সমস্যা তৈরি করে।

কারণ তাঁরা প্রয়োজনীয় বিশেষায়িত সেবা ও সহায়তা পান না। তাঁদের পরিবার,
অভিভাবক এবং গবেষকদেরও নানা বাধার মুখোমুখি হতে হয়। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত সেবা অত্যন্ত জরুরি।

এ কারণেই আমরা বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছি। আমরা আরও দেখেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবন্ধিতার তালিকাতেও শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা স্বতন্ত্র প্রতিবন্ধিতা হিসেবে অন্তর্ভুক্ত ছিল না। তাই আমাদের লক্ষ্য ছিল, আন্তর্জাতিক আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার দৃশ্যমানতা বাড়ানো।

পাশাপাশি, যেসব দেশে এখনও এর আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, সেসব দেশে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর হাতিয়ার তৈরি করা। এই স্বীকৃতি তাদের অধিকার আদায়ের পথে নতুন শক্তি ও সাহস জোগাবে। এর মাধ্যমে তারা এই উদ্যোগকে সমর্থন করতে পারবেন এবং নিজেদের অধিকারের পক্ষে আরও জোরালোভাবে দাবি জানাতে পারবেন।

কারণ, বিশ্বজুড়ে আমাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আর এ কারণেই বিশ্বজুড়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা ও এই জনগোষ্ঠীর অধিকার উদ্‌যাপনে এই দিনটি এত গুরুত্বপূর্ণ।

জিজ্ঞাসা: এই স্বীকৃতি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে কী পরিবর্তন আনবে? ভবিষ্যতের অধিকার আদায়ের আন্দোলনেও এর কী প্রভাব পড়বে?

সানজা তারচাই: ইতোমধ্যে আমরা এই ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ছে। তাঁরা নিজেরাই জাতীয় পর্যায়ে সংগঠন গড়ে তুলছেন। বিভিন্ন দেশে আগে থেকেই থাকা জাতীয় সংগঠনগুলোর শক্তিও বাড়ছে। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখন নিজেদের অধিকার আদায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছেন।

এই স্বীকৃতিকে তাঁরা অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই উদ্যোগের মাধ্যমে WFDB-এর সহযোগী ও সমর্থকদের নেটওয়ার্কও আরও সমৃদ্ধ হয়েছে। সেন্স ইন্টারন্যাশনাল তাদের অন্যতম।

এসব পরিবর্তন আমাদের দেখাচ্ছে, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভবিষ্যৎ এখন আরও আশাব্যঞ্জক। যাঁরা এই জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছেন, তাঁদের জন্যও এটি ইতিবাচক। আমাদের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল। ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে খরগোশ ও কচ্ছপের গল্পটির কথা মনে পড়ে।

আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে লাল-সাদা একটি ব্রেসলেট রয়েছে। এর মাঝখানে আছে একটি কচ্ছপের প্রতীক। এই কচ্ছপ আমাদের প্রতীক। আমরা হয়তো ধীরে এগোই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন করি। আমরা ঠিকই গন্তব্যে পৌঁছে যাই।

জিজ্ঞাসা: একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে এই স্বীকৃতি আপনার কাছে কী অর্থ বহন করে? এটি নিয়ে আপনার অনুভূতি কী?

সানজা তারচাই: আপনারা হয়তো জানেন, আমার নাম সানজা। আমার মাতৃভাষা ক্রোয়েশীয় ভাষায় এর অর্থ হলো ‘স্বপ্ন দেখা’। একবার একটি সুন্দর কথা শুনেছিলাম। আমি বর্তমানের স্বপ্নদ্রষ্টা, কিন্তু ভবিষ্যতের বাস্তববাদী। ব্যক্তিগতভাবে এই কথার অর্থ কী? এর অর্থ হলো, আমাদের এই দীর্ঘ পথচলা মোটেও সহজ ছিল না।

তবে মার্টিন লুথার কিংয়ের একটি কথার কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, পাহাড়ে ওঠার পথে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু চূড়ায় পৌঁছে যে দৃশ্য দেখা যায়, তা সব পরিশ্রমকে সার্থক করে তোলে। আজ আমি সত্যিই গর্বিত। কারণ, বিশ্বজুড়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী মানুষের আন্দোলন এখন আর আগের মতো বিচ্ছিন্ন নয়।

আমরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। আর এগিয়ে যাচ্ছি এক উজ্জ্বল ভবিষ্যতের পথে। এটি আমাকে ভীষণ আনন্দিত করে। কারণ, এখন আমি জানি, আমরা আর একা নই। আমরা আর পিছিয়ে নেই।

আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। এই অসাধারণ অর্জনের জন্য আবারও অভিনন্দন।

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধিতা সম্পর্কে বাংলাদেশে প্রচলিত কিছু মিথ বা কুসংস্কার

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধিতা সম্পর্কে বাংলাদেশে প্রচলিত কিছু মিথ বা কুসংস্কার সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য কিছু সুবিধাসমূহ

এই রিসোর্সটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য কিছু সুবিধাসমূহ সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর উপযোগী শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি

এই রিসোর্সে মূলত কীভাবে শ্রেণিকক্ষে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর উপযোগী পরিবেশ তৈরি করা যায় সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।